বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান তার মালিকানাধীন সংবাদমাধ্যম দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। পত্রিকাটির নতুন সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পত্রিকাটির নতুন কর্ণধার আতিকুর রহমান রুমন পেশায় একজন অভিজ্ঞ সাংবাদিক। তিনি বর্তমানে বিএনপির মিডিয়া সেলের পাশাপাশি ‘আমরা বিএনপি পরিবার’–এর আহ্বায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।
সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দৈনিক দিনকাল-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগদান করেন। বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এখন থেকে পত্রিকাটির প্রশাসনিক ও সম্পাদকীয় সকল কার্যক্রম রুমনের নেতৃত্বেই পরিচালিত হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমান বর্তমানে দেশ পরিচালনা এবং দলীয় নীতিনির্ধারণী কাজে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকার গঠন ও শাসনতান্ত্রিক সংস্কারের গুরুদায়িত্ব তার ওপর বর্তেছে।
এই প্রেক্ষাপটে পেশাদার সাংবাদিকতার মান সমুন্নত রাখতে এবং পত্রিকার দৈনন্দিন কাজে আরও গতিশীলতা আনতে তিনি সম্পাদকীয় ও প্রকাশকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ‘দৈনিক দিনকাল’ বারবার নানা বাধার সম্মুখীন হয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে পত্রিকাটির ডিক্লারেশন বা প্রকাশনা বাতিল করা হয়েছিল, যা নিয়ে আদালত ও রাজপথে দীর্ঘ লড়াই করতে হয়েছে।
এখন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন নেতৃত্বের অধীনে পত্রিকাটি তার সোনালী ঐতিহ্য ফিরে পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মীরা। তারেক রহমানের এই পদত্যাগের মধ্য দিয়ে পত্রিকাটিতে পেশাদার সাংবাদিকদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো বলে মনে করা হচ্ছে।
আরটিভি/এমএইচজে




